Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকার হকারদের নিয়ে সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত - Chief TV

ঢাকার হকারদের নিয়ে সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  38 views
ঢাকার হকারদের নিয়ে সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত - Chief TV

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক হকারদের স্বেচ্ছায় সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

আব্দুস সালাম বলেন, মতিঝিলে বিকেল ৪টার পর নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন নগরের সব জায়গায় হকারদের বসতে দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।


Share: