Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ - Chief TV

ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ - Chief TV

2026-10-23  ডেস্ক রিপোর্ট  44 views
ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ - Chief TV

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। পাশাপাশি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন তিনি। মেয়েদের বিয়ের পর থেকে ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Share: