Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য - Chief TV

ঢাকায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  34 views
ঢাকায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য - Chief TV

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর শনির আখড়া ও নিকুঞ্জ-২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিবকে (২০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে চেম্বারে রোগী দেখে বাসার উদ্দেশে বের হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান। রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে।

হামলার ঘটনায় ডা. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, হামলার কয়েক দিন আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তার কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, হুন্ডি ব্যবসায় লোকসানের পর সানি সাহার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র গড়ে ওঠে। চক্রটি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পরিচয় ও তথ্য সংগ্রহ করে তাদের কাছে চাঁদা দাবি করত। দাবি করা অর্থ না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হতো।

ডিবি জানিয়েছে, দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির কার্যক্রম ও হামলার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

এদিকে ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হামলার হুমকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও ডিবি।


Share: