সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একই সঙ্গে নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। তারা হলেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চারজনের মধ্যে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়টি বিবেচনায় রয়েছে। ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরী পেতে পারেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিব রহমান পার্থকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।
এ ছাড়া সরকারের কাজের গতি বাড়াতে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে। সূত্রের তথ্য অনুযায়ী, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। বঙ্গভবনের দরবার হলেই তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
তবে মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন ও রদবদলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে শেষ মুহূর্তে দায়িত্ব ও মন্ত্রণালয়ের বণ্টনে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।