নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল অভিযানটি চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাড়ির একটি শয়নকক্ষ তল্লাশি করে টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় আড়াই কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের সহযোগিতায় গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রায় দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।