Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী - Chief TV

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  45 views
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী - Chief TV

একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।

এরপর সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে কিছুক্ষণ রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি। পরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিকেল ৩টায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

জনসভা শেষে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহানগর পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Share: