Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগান - Chief TV

আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগান - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  28 views
আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগান - Chief TV

ঢাকার আশুলিয়ায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা-পুলিশ তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে তোলার পর কয়েকজন স্লোগান দিতে শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পাড়াগাঁও এলাকার বাসিন্দা মনির হোসেন (৩৮), আউকপাড়া এলাকার আল-আমিন সরকার (২৫) ও জুবায়ের (১৯), তাজপুর এলাকার আলিয়ার সরকার (৪৮), বেলমা এলাকার সোহেল পালোয়ান (৪০), পাড়াগাঁও এলাকার খোরশেদ মন্ডল (৫৬), ধামরাইয়ের কুমড়াইল এলাকার ইসমাইল (২০), বাগেরহাটের রামপাল এলাকার আরিফ (২৭), মানিকগঞ্জের দৌলতপুর এলাকার বাচ্চু শেখ (৪৬), আশুলিয়ার আটকপাড়া এলাকার মনির আহম্মেদ (২৩) এবং দিনাজপুরের পার্বতীপুর এলাকার মো. স্বপন (১৯)।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে। তবে প্রিজন ভ্যানে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। কারণ, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।


Share: