দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারা দেশে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা অঞ্চলে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণে এ পূর্বাভাস পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা জোনে সর্বোচ্চ ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে শনিবার এই অঞ্চলে লোডশেডিংয়ের পূর্বাভাস ছিল ৬৯৮ মেগাওয়াট।
ঢাকার পর সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ময়মনসিংহ ও খুলনা জোনে। এই দুই অঞ্চলে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।
সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে। সেখানে সন্ধ্যার পিক সময়ে প্রায় ৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।
বিদ্যুতের ঘাটতির কারণে সন্ধ্যার ব্যস্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।