Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

2026-08-31  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  52 views
বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্দর পরিচালনা, আমদানি-রপ্তানি কার্যক্রম ও সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দেশের সর্বউত্তরের জিরো পয়েন্টে যান। সেখানে সীমান্তের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তিনি। এ সময় নিজের মুঠোফোনে বেশ কয়েকটি ছবি তুলতেও দেখা যায় মার্কিন রাষ্ট্রদূতকে।

পরিদর্শন শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান প্রদান এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা, স্থলবন্দর ও স্বাস্থ্যসেবা খাত পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Share: