Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / বিয়ে করেছেন ‘খাসিকাণ্ডে’ আলোচিত সেই প্রবাসী, পাত্রী কে? - Chief TV

বিয়ে করেছেন ‘খাসিকাণ্ডে’ আলোচিত সেই প্রবাসী, পাত্রী কে? - Chief TV

2026-08-19  ডেস্ক রিপোর্ট  36 views
বিয়ে করেছেন ‘খাসিকাণ্ডে’ আলোচিত সেই প্রবাসী, পাত্রী কে? - Chief TV

বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আলোচিত জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ। পোস্টে তিনি জানান, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার বিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কনের মামা তাজু সরকারের নেয়ামতপুর গ্রামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জুনায়েদ মিয়ার বাড়িও সেখানে।

জুনায়েদের ছোট ভাই পারভেজ জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এর আগে সোমবার (১৭ আগস্ট) আখাউড়ার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজনে আস্ত খাসি না পাওয়াকে কেন্দ্র করে বিয়ে না করেই চলে যান জুনায়েদ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জুনায়েদ। তার দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। তার পরিবার সেই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটি শুরু হয় এবং তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয়। কনের জন্য আনা মালামালও ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া কনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় রাতে কনেপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান জুনায়েদ। তার দাবি, বিয়েতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয় এবং টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

তবে জুনায়েদের এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। তাদের দাবি, ১৪ আগস্ট উভয় পক্ষের উপস্থিতিতে লিখিত ফর্দনামায় ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। বরের পক্ষের প্রতিনিধি মনির হোসেনও এতে স্বাক্ষর করেছিলেন বলে দাবি তাদের।


Share: