সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের জানাজায় অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ভৈরব উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল রাফি প্রত্যয়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে প্রত্যয়কে আটক করে পুলিশ। পরে গত ৭ আগস্ট গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে. এম. মফিজুর রহমান প্রত্যয়কে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের অভিযোগ, তৌফীক নাওয়াজের জানাজাকে কেন্দ্র করে আজাদ মসজিদ এলাকায় প্রত্যয় ও তার সহযোগীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম দাবি করেন, দীপু মনি প্যারোলে মুক্ত হয়ে স্বামীর জানাজায় অংশ নেওয়ার পর তাকে অভয় জানানো কোনো অপরাধ নয়। এ কারণে প্রত্যয়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এ ধরনের গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আদালতের নথি অনুযায়ী, আল রাফি প্রত্যয় ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার কাঠালবাগানের একটি হোস্টেলে থাকতেন।