মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজায় অংশগ্রহণের বিষয়ে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। প্যারোলে মুক্তি মিললে এরপরই জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার (১৯ আগস্ট) সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও দীপু মনির স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।