ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা দেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের একটি অংশ প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়নের সুযোগ নেই, দল কেবল প্রার্থীকে সমর্থন দিতে পারে বলেও জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন বলে মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনার মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে গিয়েছিলেন তিনি। সেখানে দেওয়া তাঁর বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে আংশিকভাবে প্রচার করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, ওই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও কাউন্সিলর হাজি মকবুল টিপু উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন, আবদুস সালাম মেয়র পদে এবং টিপু কাউন্সিলর পদে প্রার্থী হলে তাঁদের সমর্থন দেওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা বিবেচনা করতে পারেন। তবে কাউকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেননি তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। দলীয়ভাবে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউকে সমর্থন দেননি এবং দল-সমর্থিত প্রার্থী হিসেবেও কারও নাম উল্লেখ করেননি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১০২টি বিদ্যালয়ের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যশিবির ও চক্ষু চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।