Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণ লুট, তিনজন আটক - Chief TV

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণ লুট, তিনজন আটক - Chief TV

2026-08-30  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  45 views
ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণ লুট, তিনজন আটক - Chief TV

নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদক রয়েছে দাবি করে তারা ভেতরে প্রবেশ করেন এবং তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করেন। পরে পার্শ্ববর্তী বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

বিপুল চন্দ্র প্রামাণিকের অভিযোগ, মাদক উদ্ধারের কথা বলে বাড়িতে ঢুকে অভিযুক্তরা তল্লাশির নামে শোকেস থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার এবং ৫৬ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা সম্ভব হয়।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন জানান, খবর পেয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


Share: