Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার - Chief TV

দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  37 views
দুর্গাপূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার - Chief TV

শারদীয় দুর্গাপূজা চলাকালে নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিরাপত্তার জন্য সেগুলোকে চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি দায়িত্ব পালন করছেন দুই হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিজয়া দশমীতে উৎসবের পরিবেশ নির্বিঘ্ন রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে বলে জানান তিনি। এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলেও সতর্ক করেন ডিএমপি কমিশনার। এসব অপতৎপরতা ঠেকাতে পুলিশের সাইবার দল নিবিড়ভাবে নজরদারি চালাচ্ছে বলে জানান তিনি।

সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।


Share: