রাজধানীতে গ্যাস সংকট আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই সমাধান হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। সেটি এখন প্রায় ঠিক হয়ে এসেছে। টার্মিনালে গ্যাস পুনর্ভরণ সম্পন্ন হলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, গ্যাসের অভাবে বর্তমানে রান্নাঘরের চুলা কম জ্বললেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি মিল-কারখানার প্রয়োজনীয় জ্বালানি সরবরাহও নিশ্চিত করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি।
গ্যাস সংকট মোকাবিলায় সরকার দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার উদ্যোগ নিয়েছে জানিয়ে রিজভী বলেন, এ খাতে বাজেটের অতিরিক্ত আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
বর্তমান জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিকভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান বিএনপির এই নেতা।
বিরোধী দলের গ্যাস সংকট নিয়ে আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, গঠনমূলক বিরোধী দল হলে সংকটের কারণ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। তবে সরকারকে বিপাকে ফেলা বা রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আন্দোলন করা হলে বিষয়টি ভিন্ন। তার দাবি, সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।