গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড় এলাকার শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান এবং মাঝিগাতী গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় একটি মিছিল বের করেন। মিছিল থেকে তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা বেশ কয়েকজন পালিয়ে যান। পরে পুলিশ ছয়জনকে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।