জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান ওই বাসায় স্বামী কাওসার আহমেদ শাওন ও দুই সন্তানকে নিয়ে প্রায় এক মাস ধরে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় দুই শিশুকে উদ্ধার করার পাশাপাশি পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।