রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে ৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে বিকেলে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।