Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে: চীফ হুইপ - Chief TV

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে: চীফ হুইপ - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  38 views
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে: চীফ হুইপ - Chief TV

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান নয়, বরং প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায় তুলনামূলকভাবে কম হলেও এর ভয়াবহ পরিণতি ভোগ করছে বাংলাদেশের সাধারণ মানুষ। তাই ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’-এর আয়োজনে এবং ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’-এর সহযোগিতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ: জাতীয় অগ্রাধিকার থেকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

নূরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ। অথচ প্রায় ২০ কোটি মানুষের এই দেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির মুখে রয়েছে। উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে বরগুনা ও খুলনায়, নদীর পানিতে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। এতে মৎস্য ও কৃষিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর বন্যায় মানুষের ঘরবাড়ি, ধান, গবাদিপশু ও বসতভিটা পানিতে ভেসে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি বা অস্ত্র তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের প্রভাবের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা দূর করা জরুরি। একই সঙ্গে অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে।

আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার এবং তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান চীফ হুইপ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কন্যাসন্তানের জন্য এক হাজার গাছের চারা রোপণ করায় বগুড়ার ধুনট উপজেলার পরিবেশকর্মী এস এম আরিফুল আমিনকে সনদ প্রদান করেন নূরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নেসহ আয়োজক সংগঠনের প্রতিনিধি, তরুণ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: