তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজের দীর্ঘদিনের মুকিম ডা. সাইফুদ্দিন মারা গেছেন। তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি ইন্তেকাল করেন।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে রাজধানীর কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। এ ছাড়া তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের দ্বীনি কার্যক্রম ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।