Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু - Chief TV

লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু - Chief TV

2026-08-15  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  38 views
লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু - Chief TV
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারচিালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী (ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ ) একটি ট্রাকটি হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা থেকে হাতীবান্ধাগামী একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়।
 
পরে ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছু দূর নিয়ে গিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
 
এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ঘাতক ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share: