Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও - Chief TV

মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  32 views
মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও - Chief TV

মাছ, মুরগি ও ডিমের বাড়তি দামে স্বস্তি নেই রাজধানীর বাজারে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সীমিত আয়ে বাজার করতে গিয়ে তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা। ডিমের বাজারেও স্বস্তি নেই। সাদা ডিমের ডজন ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে একই ডজন ডিম ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।

মুরগি বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি। তবে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও নিত্যপণ্যের বাড়তি দামে সংসারের ব্যয় প্রতিনিয়ত বাড়ছে।

মাছের বাজারেও একই চিত্র। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় রুইয়ের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা পর্যন্ত উঠেছে। চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার টাকা।

রায়ের বাজারের ক্রেতা আবু দাউদ বলেন, মাছ কিনতে এসে এখন অবাক হতে হয়। ২৫০ টাকার নিচে খুব কম মাছই পাওয়া যাচ্ছে। তেলাপিয়াও আড়াইশ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। আয় না বাড়লেও বাজার খরচ বাড়ায় মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

মাছ বিক্রেতা কফিল উদ্দিন বলেন, মাছের দামে বড় ধরনের পরিবর্তন হয়নি। তবে বাজারে প্রতিদিনই কিছুটা ওঠানামা থাকে। একদিন ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিন আবার দাম বেড়ে যায়।

ক্রেতাদের অভিযোগ, মাছ, মুরগি ও ডিম—তিনটি পণ্য কিনতেই এখন আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে। একটি পণ্যের দাম কিছুটা কমলেও অন্যটির দাম বেড়ে যাচ্ছে। এতে সীমিত আয়ের মানুষের ওপর বাজারের চাপ আরও বাড়ছে। নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী দামের প্রবণতা অব্যাহত থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।


Share: