Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা - Chief TV

মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  49 views
মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা - Chief TV

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

গ্রেপ্তার রফিকুল ইসলামের বয়স ২৮ বছর। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা এবং মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করতেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

৯৯৯-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিকেলে মুসলিমনগর থেকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, মাদরাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতন করেছেন। অভিযোগের পর স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে রাখেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাও তৈরি হয়।

খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফতুল্লা থানাকে জানায় ৯৯৯। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য মাদরাসাটিতে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভয়ের মধ্যে রেখে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

গত ৩১ আগস্ট রাতে সর্বশেষ ঘটনার পর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে বলে জানানো হয়েছে। পরে তার মা তাকে বাসায় নিয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদরাসায় গেলে শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করেন বলে ৯৯৯-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলার পর রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


Share: