ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মায়ের সঙ্গে প্রায় সাত বছর আগে আজাহারুল ইসলামের বিয়ে হয়। এরপর তারা ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে আজাহারুল তার দুই সৎ মেয়েকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, পরে তিনি তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখে বড় মেয়ের কক্ষে যান এবং তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন। একপর্যায়ে ছোট মেয়ে তার মাকে উদ্ধার করলে তিনি বড় মেয়েকেও উদ্ধার করেন। ভুক্তভোগী কিশোরী তার সৎ বাবার বিরুদ্ধে এর আগেও একই ধরনের নির্যাতনের অভিযোগ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বুধবার সন্ধ্যায় আজাহারুল বাসায় ফিরলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার আজাহারুল ইসলাম পেশায় রংমিস্ত্রি। তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামের বাসিন্দা।
ওসি মো. নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।