ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখতেন সামিরা মন্ডল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করা এই তরুণী ইতোমধ্যে ফটোশুট, নাটক ও র্যাম্প মডেলিংয়ে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হতে চান তিনি।
সামিরার দেশের বাড়ি রাজবাড়ীর পাংশায়। বর্তমানে প্রাইম ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি মিডিয়ায় কাজ করে নিজের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা মা। বাবা-মায়ের ইচ্ছা, সমর্থন ও উৎসাহ নিয়েই মিডিয়ায় কাজ শুরু করেন সামিরা।

নিজের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সামিরা জানান, র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে এই অঙ্গনে তাঁর পথচলা শুরু। র্যাম্পে কাজের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে চারটি পুরস্কার অর্জন করেছেন তিনি। পাশাপাশি ফটোশুটেও কাজ করছেন।
অভিনয়েও রয়েছে তাঁর অভিজ্ঞতা। এখন পর্যন্ত চারটি নাটকে অভিনয় করেছেন সামিরা। এর মধ্যে বিটিভিতে প্রচারিত ‘বাবার করুণ মৃত্যু’ ও ‘কট খেয়ে বিয়ে’ নাটক দুটি পরিচালনা করেছেন হুমায়ুন কবিরী। অন্যদিকে ‘নীল খামের প্রেম’ ও ‘প্রবাসী কষ্ট’ নাটক দুটি পরিচালনা করেছেন ঋষি জুয়েল।
এ ছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর সঙ্গে একটি কাজেও যুক্ত হওয়ার সুযোগ হয়েছে তাঁর। এসব কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানান সামিরা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই তরুণী বলেন, আগামী এক বছরের মধ্যে দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে চান তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিয়মিত হয়ে মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই তাঁর লক্ষ্য।
সামিরার প্রত্যাশা, দর্শকদের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে তিনি বহুদূর এগিয়ে যাবেন। সফল মডেল ও অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে চান তিনি। তাঁর বিশ্বাস, কাজের মধ্য দিয়েই নিজের পরিচয় তৈরি করা সম্ভব।