মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের। তবে সিনেমাটি থেকে তাঁর সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সিনেমা ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট কেউ জানাননি।
গত শুক্রবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতার সিনেমাটি ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ফেসবুকে প্রতিদিনই এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মধুমিতা। তাঁর ভাষ্য, সিনেমা-সংশ্লিষ্ট কেউ এ ধরনের ঘোষণা দেননি। তাহলে বিষয়টি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে?
মধুমিতার ধারণা, একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর সিনেমা ছেড়ে দেওয়ার খবর ছড়াচ্ছে। তিনি বলেন, সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকেই একটি বিশেষ উদ্দেশ্যে তাঁকে নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। এমনও বলা হয়েছে, কলকাতায় কাজ না পেয়ে তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। এখন নতুন করে সিনেমা ছাড়ার গুঞ্জন ছড়ানো হচ্ছে। এসব কথায় গুরুত্ব না দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে চান তিনি।
এদিকে সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে ‘গুলশানের চামেলি’র শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন মধুমিতা।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মমতার শিকার হন। এই চরিত্রেই অভিনয় করবেন মধুমিতা।
পশ্চিমবঙ্গের টেলিভিশন নাটকের পরিচিত মুখ মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাঁকে বাংলাদেশেও পরিচিতি এনে দেয়। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। নানা কারণে এত দিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে আরও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।