Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশ - Chief TV

তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশ - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  17 views
তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশ - Chief TV

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দিশাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

পুলিশের ভাষ্য, দিশা তাহসিফের কথিত প্রেমিকা। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্তের স্বার্থে দিশাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে জিজ্ঞাসাবাদের পর নতুন কোনো তথ্য বা সূত্র পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ, তাঁর জুনিয়র বন্ধু দীপ ও দিশাকে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে। ফুটেজ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাঁরা মোটরসাইকেলে করে রেস্তোরাঁয় পৌঁছান। পরে তিনজনকে একসঙ্গে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

রেস্তোরাঁর আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাঁদের রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়। পরে তাঁরা মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর তাঁরা কোথায় গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

এর আগে তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।


Share: