চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অন্যদিকে ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন শুভ। পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, দুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে নিয়ে বারৈয়ারহাটে গিয়েছিলেন শুভ। ফেরার পথেই তাদের জীবনের মর্মান্তিক পরিণতি ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপর নিহতের বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।