Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল বেড়া - Chief TV

মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল বেড়া - Chief TV

2026-09-02  ডেস্ক রিপোর্ট  40 views
মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল বেড়া - Chief TV

মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম অসুস্থ হয়ে গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ফলে বিস্ফোরণের সময় তিনি ঘরে ছিলেন না। তার ঘরের চাবি মোয়াজ্জিন ও মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে রয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আলামত দেখে এটি বোমা বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘরের ভেতরে কে বা কারা বিস্ফোরক রেখেছিল কিংবা কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ইমামের থাকার কক্ষে কে বা কারা বোমা রেখেছে, তা তারা জানেন না। নামাজরত অবস্থায় বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও তিনি মন্তব্য করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে প্রাথমিকভাবে সেখানে কেউ বোমা রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।


Share: