Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য - Chief TV

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  44 views
মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য - Chief TV

পটুয়াখালীর দুমকীতে একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার মৃত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদের দরজা খোলা দেখতে পান এক মুসল্লি। পরে তিনি ভেতরে প্রবেশ করে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে খাটের ওপর সায়েমকে পড়ে থাকতে দেখেন তিনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মসজিদে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মসজিদের ওই কক্ষে ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সায়েমের গলায় দাগও দেখা গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সায়েমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


Share: