নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসে এবার একসঙ্গে ভ্রমণ করেছেন নারী সংসদ সদস্যরা। নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এই বিশেষ বাসে নারী এমপিদের ভ্রমণের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (৩০ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের পাবনা-সিরাজগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে পিংক বাসে ভ্রমণের কয়েকটি ছবি প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন্য বিশেষ পিংকবাস। নারী সংসদ সদস্যদের পিংকবাসে ভ্রমণ।’
তবে নারী এমপিরা কোথা থেকে কোথায় পিংক বাসে ভ্রমণ করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট থেকে বিশেষ এই বাস সার্ভিস চালু করে বিআরটিসি। প্রাথমিক পর্যায়ে রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলাচল করছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচলকারী এসব বাসের চালক ও কন্ডাক্টর সবাই নারী।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, কর্মস্থল ও পরিবহন কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যেই পিংক বাসের রুট নির্ধারণ করা হয়েছে। নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে এসব বাস চলাচল করছে।
ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও বিশেষ গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য পৃথক এই পরিবহন ব্যবস্থা কর্মজীবী নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের নিরাপদ যাতায়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।