নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজারে এসিআই রাইস মিলের বেপরোয়া ট্রাক পার্কিং ও ধুলা-ছাইয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে রাস্তার ওপর দীর্ঘ সময় ট্রাক রেখে সড়ক দখল এবং পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এতে ব্যস্ত বাজারের সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মিলের নিজস্ব পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে বড় বড় ট্রাক রাখা হয়। মালামাল ওঠানো-নামানোর সময় রাস্তার একটি বড় অংশ ট্রাকের দখলে চলে যায়। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে মোড় এলাকায় সারিবদ্ধ ট্রাকের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। ফলে সেখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ব্যস্ত সরস্বতীপুর বাজারে ট্রাক দাঁড়িয়ে থাকায় দীর্ঘ যানজটও সৃষ্টি হচ্ছে। পথচারীদের চলাচল এবং স্থানীয় যানবাহন ব্যবস্থাপনায় এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে ট্রাক পার্কিংয়ের পাশাপাশি মিল থেকে ছাই ও ধানের গুঁড়ো ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণের অভিযোগও করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মিলের বর্জ্য ও ছাই উন্মুক্তভাবে ছড়িয়ে পড়ায় বাতাসে ধুলা ও কালো ছাই মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ঘরবাড়ি, দোকানপাট ও বাজারের বিভিন্ন স্থানে ছাই জমে থাকছে। এতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ স্থানীয়দের।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ঘরে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না, আবার রাস্তায় বের হলেও দুর্ঘটনার ভয় থাকে। মিল কর্তৃপক্ষের কারণে দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাঁর।
স্থানীয়দের অভিযোগ, মিল কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় তাঁদের বিভিন্ন অভিযোগ যথাযথ গুরুত্ব পাচ্ছে না। দ্রুত রাস্তার ওপর ট্রাক পার্কিং বন্ধ করে মিলের নিজস্ব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা এবং ছাই ও ধানের গুঁড়ো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পরিবেশ অধিদপ্তর ও ট্রাফিক পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জনঅসন্তোষ তৈরি হতে পারে।