নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের হলরুমে এ মিটআপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন এলাকার নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সাবেক উপপরিচালক জাবেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা অফিসার মো. আব্দুল মান্নান, রানীর প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং পরিবার কল্যাণ পরিদর্শক কোহিনুর সুলতানা।
মিটআপে বক্তারা বলেন, বর্তমান সময়ে শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, উদ্ভাবনী চিন্তা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তরুণরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। একজন সফল উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন না, অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেন।
অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় ব্যবসা শুরুর চ্যালেঞ্জ, সফলতার অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা।
আয়োজকরা জানান, নতুন উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ মিটআপের আয়োজন করা হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা পাবেন বলে আশা করছেন তারা।