Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় ভূমি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি - Chief TV

নওগাঁয় ভূমি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি - Chief TV

2026-08-21  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  34 views
নওগাঁয় ভূমি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি - Chief TV

নওগাঁয় ভূমিসেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সেবাগ্রহীতার বিরুদ্ধে। সরকারি অফিসে ঢুকে ওই কর্মকর্তা সিরাজুল ইসলামকে উদ্দেশ করে তাকে হত্যার পর লাশ বিলের পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে কর্মকর্তা কীভাবে অফিস থেকে বাড়ি যাতায়াত করেন, সেটিও নজরে রাখার কথা বলা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে মোস্তাফিজুর রহমান নামে এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। কর্মকর্তাকে দেখেই মোস্তাফিজুর উত্তেজিত হয়ে তার নামজারি আবেদন বাতিলের কারণ জানতে চান।

মোস্তাফিজুর রহমানের অভিযোগ, গত ১৮ মে একটি জমির নামজারির জন্য আবেদন করার পর সেটি বাতিল করা হয়। পরে পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল করা হয়েছে। এতে তাকে বারবার হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আবেদনটি প্রায় তিন মাস ধরে আইডিতে রয়েছে। দাগ সংশোধন করে আনলে তিনি নামজারি করে দেওয়ার কথা জানিয়েছিলেন।

এ সময় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান কর্মকর্তাকে উদ্দেশ করে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হুমকি নয়; তিনি সবার সামনে বলেছেন এবং তা করে দেখাবেন।

তবে ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। মঙ্গলবার (১৮ আগস্ট) দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে তিনি জানান, এ বিষয়ে কথা বলতে তাকে সহকারী কমিশনার (ভূমি) নিষেধ করেছেন। ওইদিন সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পরে বুধবার (১৯ আগস্ট) নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক জানান, বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।


Share: