নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ এবং ধামুইরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নুর আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর মামলায় মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, গত দুই বছরে বিভিন্ন মামলায় মাসুদুর রহমানকে অন্তত চারবার গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বলেও জানান তারা।
অন্যদিকে ধামুইরহাট থানা পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নুর আলম বাবুকে শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলা শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।