Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয় - Chief TV

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয় - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  51 views
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয় - Chief TV

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে তৈরি হওয়া সাংবিধানিক জটিলতার অবসান হয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে আইন মন্ত্রণালয় জানিয়েছে, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে দেওয়া মতামতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার। ফলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্বও তিনি পালন করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে শুরু হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বিধান অনুযায়ী ভোটগ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রপতির শপথ পরিচালনার সাংবিধানিক বিধান নিয়ে স্পষ্ট মতামত চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায়। পর্যালোচনা শেষে মন্ত্রণালয় জানায়, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে সংবিধান অনুযায়ী তার দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করেন। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকারই যথাযথ কর্তৃপক্ষ।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

ভোটগ্রহণ ও ফল ঘোষণার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে ৯২ ভোটে পরাজিত করেন।


Share: