সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন ভিডিওটিতেও তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। মঙ্গলবার সকালে বিভিন্ন মাধ্যমে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে গাজী নজরুল ইসলামকে ওই তরুণীকে নিয়ে কতদিন ধরে আসা-যাওয়া করছেন—এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি একবারই তাকে নিয়ে এসেছেন বলে দাবি করেন। এ সময় জামায়াতের নেতা হয়েও তরুণীকে সঙ্গে নিয়ে আসা অন্যায় হয়েছে বলেও তিনি স্বীকার করেন বলে ভিডিওতে শোনা যায়।
ভিডিওতে থাকা তরুণী প্রথমে নিজের পরিচয় জানাতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে একপর্যায়ে নিজের নাম ‘মারিয়া’ বলে জানান এবং ভিডিওটি মুছে দেওয়ার অনুরোধ করেন। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ পায়নি।
এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সাতক্ষীরা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিওতে থাকা তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরে গাজী নজরুল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে একই দাবি করেন।
নিজের এক পোস্টে তিনি দাবি করেন, রাজধানীর মগবাজারে ওই তরুণীর বাবার অফিসে তাকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।