Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ - Chief TV

মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  48 views
মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ - Chief TV

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডলের অভিযোগ, শুক্রবার রাত ৩টার দিকে তালার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

পার্থ মন্ডলের দাবি, রাত ৩টা থেকে ভোর পর্যন্ত তাঁকে মারধর করা হয়। এতে ক্ষিতিশের হাত-পা ভেঙে যায় এবং মাথায় আঘাত করা হয়। এমনকি তাঁর চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরে শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ক্ষিতিশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

পার্থ মন্ডল জানান, ক্ষিতিশ মন্ডল ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, মাছের ঘেরে চুরির সন্দেহে মারধরের ঘটনায় ক্ষিতিশ মন্ডলের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: