Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / অর্ধেক ভোট গণনা শেষ, কত আসন পেলো নেতানিয়াহুর দল - Chief TV

অর্ধেক ভোট গণনা শেষ, কত আসন পেলো নেতানিয়াহুর দল - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  40 views
অর্ধেক ভোট গণনা শেষ, কত আসন পেলো নেতানিয়াহুর দল - Chief TV

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। অর্ধেকের বেশি ভোট গণনা শেষে জোটটি ৫৫টি আসন পেতে পারে বলে প্রাথমিক ফলে ধারণা পাওয়া গেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ছয়টি আসন পিছিয়ে রয়েছে তারা।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলে এ চিত্র উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯। আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। ফলে ভোট গণনায় এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে নেতানিয়াহুর জোটকে অন্য দলের সমর্থন নিতে হতে পারে। চূড়ান্ত ফল প্রকাশের আগে সরকার গঠনের সমীকরণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Share: