Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী - Chief TV

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী - Chief TV

2026-08-15  ডেস্ক রিপোর্ট  37 views
অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী - Chief TV

অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। একই সঙ্গে এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ, মোনাজাতে অংশগ্রহণ এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যার ভবন চালুর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি অন্যতম বড় নিউরোসায়েন্স হাসপাতাল।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা আরও বিস্তৃত হলো।


Share: