Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা - Chief TV

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  21 views
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা - Chief TV

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে আছেন ছেলেরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন মেয়েরা।

তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে ছাত্রীদের মধ্যে এ সর্বোচ্চ ফল অর্জন করেছেন ১৯ হাজার ৭২১ জন।

হিসাব অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রীদের চেয়ে ৬৪২ জন বেশি ছাত্র রয়েছেন। অর্থাৎ, পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল অর্জনে এগিয়ে আছেন ছেলেরা।

 


Share: