Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী - Chief TV

পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  26 views
পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে: রিজভী - Chief TV

দেশের ভেতরে ও বাইরে থেকে নতুন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ কাজে দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তিও যুক্ত রয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে। শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি দাবি করেন, গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের একজন উসকানির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের কর্মকাণ্ডের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদকও ফেসবুকে পোস্ট দিয়ে তাঁদের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের এ চেষ্টা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি সরকারের বয়স মাত্র আট মাস। এই সময়ে সরকার দেশের উন্নয়ন, অর্থনীতি ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন এবং সেখান থেকে বিনিয়োগ এনে দেশে বিনিয়োগের পরিবেশ তৈরির চেষ্টা করছেন।

বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলটি ১৭ বছর ধরে প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। এ আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়েছেন। অন্যদিকে গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এ দেশের জনগণ গণতন্ত্রকামী। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও তাদের জোট ক্ষমতায় এসেছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় কঠিন সংকটের মুখে ছিল। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সমাজে অস্থিরতা সৃষ্টি, চাঁদাবাজি, মাস্তানি ও জমি দখলের মতো অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এলাকায় কার জনপ্রিয়তা বেশি এবং কে উপযুক্ত প্রার্থী, তা স্থানীয় নেতারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরদার হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক চিকিৎসক ফরহাদ হালিম ডোনার। উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Share: