Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / স্বাস্থ্য / পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা - Chief TV

পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  48 views
পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন চিকিৎসকেরা - Chief TV

মোবাইল ফোন ছাড়া আধুনিক জীবন কল্পনা করা কঠিন। তবে দীর্ঘ সময় প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে পুরুষের প্রজনন স্বাস্থ্যে কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছু গবেষণায় মোবাইল ফোনের বিকিরণের সঙ্গে শুক্রাণুর গতিশীলতা ও জীবনীশক্তি কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেলেও, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি গবেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রাজীব আগরওয়াল এ বিষয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি ডেম হেলথের প্রতিষ্ঠাতা এবং রিনিউ হেলথকেয়ারের জ্যেষ্ঠ বন্ধ্যত্ব বিশেষজ্ঞ।

ডা. আগরওয়ালের উল্লেখ করা একটি মেটা-বিশ্লেষণে ১৮টি গবেষণা এবং চার হাজারের বেশি বীর্যের নমুনা পর্যালোচনা করা হয়েছে। এতে মোবাইল ফোন থেকে নির্গত বেতার তরঙ্গের সঙ্গে শুক্রাণুর গতিশীলতা ও জীবনীশক্তি কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

তবে শুক্রাণুর সংখ্যা বা ঘনত্ব কমে যাওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের বিকিরণের প্রভাবের স্পষ্ট ও ধারাবাহিক প্রমাণ মেলেনি। বিভিন্ন গবেষণায় এ বিষয়ে ভিন্ন ফল পাওয়া গেছে। বিশেষ করে প্যান্টের সামনের পকেটে ফোন রাখলে অণ্ডকোষের কাছাকাছি অবস্থানের কারণে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

গবেষকদের ধারণা, এ ক্ষেত্রে দুটি বিষয় ভূমিকা রাখতে পারে। প্রথমটি হলো অক্সিডেটিভ স্ট্রেস। মোবাইল ফোনের বেতার তরঙ্গ শুক্রাণুকোষে এ ধরনের জৈবিক চাপ তৈরি করতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

দ্বিতীয় বিষয়টি তাপমাত্রা। স্বাভাবিক শুক্রাণু উৎপাদনের জন্য অণ্ডকোষের তাপমাত্রা শরীরের অন্যান্য অংশের তুলনায় কিছুটা কম থাকা প্রয়োজন। দীর্ঘ সময় পকেটে ফোন রাখলে আশপাশের তাপমাত্রা বাড়তে পারে, যা শুক্রাণুর স্বাস্থ্যের জন্য অনুকূল নয় বলে ধারণা করা হয়।

ল্যাবরেটরিতে শুক্রাণুর ওপর পরিচালিত পরীক্ষা এবং বাস্তব জীবনে সন্তান নেওয়ার চেষ্টা করছেন এমন দম্পতিদের ওপর গবেষণার ফল এক নয়। ডা. আগরওয়ালের ভাষ্য অনুযায়ী, বাস্তব জীবনে পকেটে মোবাইল রাখার সঙ্গে গর্ভধারণে দেরি হওয়া বা বীর্যের সামগ্রিক গুণমান কমে যাওয়ার সরাসরি সম্পর্ক এখনো নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।

তাই শুধু মোবাইল ফোনের ব্যবহারকে বন্ধ্যত্বের প্রমাণিত কারণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বরং বিষয়টিকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখে সতর্ক থাকা যেতে পারে।

শুক্রাণুর কোষে অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমাতে অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোএনজাইম কিউ১০ নিয়ে কিছু গবেষণায় শুক্রাণুর গতিশীলতার সম্ভাব্য উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। এ ছাড়া জিংক, সেলেনিয়াম, লাইকোপিন এবং ভিটামিন সি ও ই-এর মতো পুষ্টি উপাদানও প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।

তবে এসব উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণ করলেই শুক্রাণুর মান বাড়বে বা বন্ধ্যত্বের সমস্যা দূর হবে—এমন নিশ্চয়তা নেই। প্রয়োজন ছাড়া কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

দীর্ঘ সময় কথা বলার সময় বা রাতে ফোন চার্জে দেওয়ার ক্ষেত্রে প্যান্টের সামনের পকেটে ফোন না রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শুক্রাণুর সংখ্যা বা গুণমান কম পাওয়া গেলে শুধু মোবাইল ফোনকে দায়ী না করে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

সব মিলিয়ে, পকেটে মোবাইল রাখলেই পুরুষের বন্ধ্যত্ব হবে—এমন প্রমাণ নেই। তবে কিছু গবেষণায় শুক্রাণুর নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর সম্ভাব্য প্রভাবের ইঙ্গিত থাকায় সতর্কতামূলক অভ্যাস গড়ে তোলা যেতে পারে।


Share: