Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / জাবি ছাত্রীকে হেনস্তা, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক - Chief TV

জাবি ছাত্রীকে হেনস্তা, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  23 views
জাবি ছাত্রীকে হেনস্তা, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক - Chief TV

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে ঘটনার প্রতিবাদে বাসগুলো আটক করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার জন্য তিনি একটি বাসে ওঠেন। তবে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাঁকে আবার ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।

ওই ছাত্রীর ভাষ্য, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তাঁর কাছ থেকে ২০ টাকা নেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাঁকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়।

ছাত্রী জানান, বাস থামানোর পর নামবেন বলে জানালে কন্ডাক্টর তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। বাস থেকে নামার পরও তাঁকে ও তাঁর সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালিগালাজ ও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রয়োজনে পুলিশের সহায়তাও নেওয়া হবে।


Share: