অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের ওই তরুণ যা বলেছিলেন, তার জন্য তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন এতে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তিনি সিফাতকে ভালোয় ভালোয় ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সিফাতকে ছেড়ে না দিলে পরিস্থিতি কী দিকে যায়, তা কেউ বলতে পারে না। এ প্রসঙ্গে তিনি নূর হোসেন, ইয়াসমিন ও ডা. মিলনের আন্দোলন ও ঘটনাবলির উদাহরণ টানেন।
জামায়াত আমির আরও বলেন, সিফাতের মুখের ভাষাকে তারা সমর্থন করছেন না। তবে যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাতের মতো প্রতিবাদী হয়ে উঠতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, তাদের দাবি স্পষ্ট। ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দফা হিসেবে দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তারা বরদাশত করবেন না।