Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুরে সৌন্দর্যবর্ধন ও সড়ক মেরামত - Chief TV

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুরে সৌন্দর্যবর্ধন ও সড়ক মেরামত - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  36 views
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুরে সৌন্দর্যবর্ধন ও সড়ক মেরামত - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন সড়কে রং করা, ব্যানার-ফেস্টুন টাঙানো, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং খানাখন্দ সংস্কারের কাজ চলছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ ঘিরে শহরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধনের নানা কার্যক্রম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর পর্যন্ত সড়কপথ প্রস্তুত করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রস্তুতির চিত্র দেখা যায়। সড়কের পাশে বিভিন্ন স্থানে রং করা হচ্ছে, টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার ও সড়কের খানাখন্দ সংস্কারের কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। এ জন্য সৈয়দপুর উপজেলা পরিষদ সড়ক, বাস টার্মিনালসংলগ্ন পথসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হচ্ছে। কোথাও কোথাও ময়লার স্তূপ বালু ও মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

 

download-4-1.jpg

 

রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে যাবেন। সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ নির্বিঘ্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়কে রং করা, ডিভাইডার মেরামত এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


Share: