Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন আওয়ামী লীগ নেতা - Chief TV

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন আওয়ামী লীগ নেতা - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  43 views
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন আওয়ামী লীগ নেতা - Chief TV

জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক গ্রহণকারী নোয়াখালীর আলাউদ্দিনের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে আলাউদ্দিন ফিসারিজের পক্ষে সনদ ও স্বর্ণপদক গ্রহণ করেন আলাউদ্দিন। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেকও দেওয়া হয়।

আলাউদ্দিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে দাবি করা হয়েছে। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুও তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আলাউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক জনপ্রতিনিধি মো. আবদুর রহিমের অভিযোগ, আলাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, মামলা, হামলা ও হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

তবে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানিয়েছেন, মৎস্য অধিদপ্তরের তদন্তে আলাউদ্দিনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সরকারি গোয়েন্দা সংস্থাও তদন্ত করেছে বলে জানান তিনি।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার বদরপুর ও সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে আলাউদ্দিন ফিসারিজ। প্রতিষ্ঠানটি কার্পজাতীয় মাছের উন্নতমানের পোনা উৎপাদন ও সরবরাহের পাশাপাশি মাছ চাষ সম্প্রসারণে কাজ করছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরে মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলায়তনে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করে। একই সময়ে প্রতিষ্ঠানটিতে ৩২ জনের স্থায়ী ও ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থান হয়েছে।

উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, গুণগতমানের পোনা উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আলাউদ্দিন ফিসারিজকে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক দেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।


Share: