Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল - Chief TV

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  25 views
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল - Chief TV

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁওয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সফরকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুই দিনের সংক্ষিপ্ত সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় আগমনের খবরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন জেলার মানুষ।

দুই দিনের সফর শেষে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।


Share: