Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচন নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির - Chief TV

রাষ্ট্রপতি নির্বাচন নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির - Chief TV

2026-08-19  ডেস্ক রিপোর্ট  61 views
রাষ্ট্রপতি নির্বাচন নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির - Chief TV

প্রায় তিন যুগ পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আগামীকাল সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। এবার বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই নিজেকে ভোট দেওয়ার সুযোগ পেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বীরবিক্রম কর্নেল (অব.) অলি আহমদ সেই সুযোগ পাচ্ছেন না।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ৩৪৯ জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেও তিনি ভোট দেওয়ার অধিকার রাখছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে প্রার্থী করেছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কেবল সংসদ সদস্যদের থাকায় প্রার্থী হয়েও তিনি নিজের পক্ষে ভোট দিতে পারবেন না।

রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোটের সদস্য সংখ্যা ৯০।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়স কমপক্ষে ৩৫ বছর হওয়া, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকা এবং সংবিধানের অধীনে অভিশংসনের মাধ্যমে আগে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত না হওয়ার শর্ত রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করবেন। এ জন্য জাতীয় সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনি কর্তা ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।

প্রায় তিন দশক পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবার নির্বাচনে সরাসরি ভোটের লড়াই দেখা যাচ্ছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


Share: